দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে অঞ্চলটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে সতর্কবার্তা জারি করেছে। অঞ্চলজুড়ে থাকা দূতাবাসগুলো সম্ভাব্য অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে।
তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এ হুমকির পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। একপর্যায়ে তারা বলবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না।’
তিনি আরও বলেন, ইরানের ওপর তিনি আস্থা হারাচ্ছেন, কারণ দেশটি ‘কথা ভঙ্গ করে’ এবং ‘মিথ্যাচার ও ভুল ব্যাখ্যা দেয়’।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স তাদের সতর্কবার্তায় বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে ও প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে।
এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সব সময় সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

পোস্টে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি বিমান সংস্থা স্বাভাবিক সময়সূচি পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করেছে। আবার কিছু প্রতিষ্ঠান সব রুটে ফ্লাইট বাতিল করেছে। এ অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চলটি ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে অথবা পরিস্থিতির আরও অবনতি হলে সে অনুযায়ী প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
পরামর্শে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চল হয়ে যেকোনো গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভ্রমণের সময় বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর সর্বশেষ তথ্যের ওপর নিবিড় নজর রাখতে বলা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসও পৃথকভাবে সতর্কতা জারি করেছে। জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সামরিক ঘাঁটিগুলোর আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম আশ্রয়কেন্দ্রের অবস্থান জেনে রাখতে বলা হয়েছে।
জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং ইরানের আচরণ অপ্রত্যাশিত হতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসও একই ধরনের সতর্কতা জারি করেছে। সূত্র: এনডিটিভি
কে